ইইউ-মেক্সিকোর পণ্যে ৩০ শতাংশ শুল্ক

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১২:৪৩ এএম

এবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মেক্সিকোর পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে নতুন এই শুল্কহার কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স ও সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে চিঠি পোস্ট করে শুল্ক আরোপের এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ভন ডার লিয়েন ও মেক্সিকান প্রেসিডেন্ট ক্লৌদিয়া শেইনবমকে উদ্দেশ্য করে পৃথক চিঠি পোস্ট করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

ট্রুথ সোশ্যাল পোস্ট করা চিঠিতে ট্রাম্প লিখেছেন, প্রত্যেক দেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করা সব পণ্যের ওপর ৩০ শতাংশ হারে শুল্কের মুখে পড়বে। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার ইইউ। চলতি মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বড় ধরনের বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার পরিকল্পনা করেছিল জোটটি। তবে ট্রাম্পের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও আলোচনায় তেমন কোনো অগ্রগতির খবর পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (ইউএসটিআর) দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ইইউর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ছিল ২৩৫ বিলিয়ন ডলারের বেশি। এই বাণিজ্য ঘাটতি কমাতেই মূলত পাল্টা শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এর আগে চলতি সপ্তাহের শুরুতে জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা, ব্রাজিলসহ কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপ করেন ট্রাম্প। একই সঙ্গে তামা আমদানির ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন তিনি। এদিকে, নতুন শুল্কহার নিয়ে চিঠি পাওয়ার পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, আগামী বলেছেন, ১ আগস্টের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় জোটটির প্রধান। তবে পরিস্থিতি বিবেচনাও ইইউ এই শুল্কনীতির উপযুক্ত প্রতিক্রিয়া জানাতে পারে বলেও পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন উরসুলা ফন ডার লিয়েন। আর শুল্ক আরোপের পর মেক্সিকো বলেছে, এটি অন্যায্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত