গাজীপুরের কালিয়াকৈরে অনিয়মের মেরামতের কারণে সৃষ্ট ঢাকা-জয়দেবপুর-রাজশাহী রেললাইনের একটি রেলক্রসিংয়ে সড়কের খানাখন্দে দুর্ঘটনার ঝুঁকিতে চলছে ট্রেনসহ যানবাহন। গতকাল সোমবার সকালেও সেখানে ট্রাক আটকে তিন ঘণ্টা বন্ধ হয়ে থাকে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ। এতে চরম দুর্ভোগে পড়েন ট্রেনের যাত্রীরা।
রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় ট্রাকটি সারালে রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। দীর্ঘ সময় ধরে টাঙ্গাইলের মির্জাপুর, কালিয়াকৈর হাইটেক, জয়দেবপুরসহ বিভিন্ন রেলস্টেশনে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী ছয়-সাতটি ট্রেন আটকা পড়ে।
এলাকাবাসী, রেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর-ধামরাই সড়কের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিং পার হয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। অথচ সারা বছর এত ব্যস্ত সড়কটির ওই রেলক্রসিংয়ে মাত্র ১৫-২০ ফুট পর্যন্ত সড়কে খানাখন্দ ও ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে থাকে।
