শহীদ দিবস পালন ঠেকাতে কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৬:২২ এএম

কাশ্মীরে আবার বিতর্কিত কর্মকাণ্ড শুরু করেছে ভারতীয় কর্র্তৃপক্ষ। ১৯৩১ সালের উপনিবেশবিরোধী আন্দোলনের সময় নিহতদের স্মরণে শহীদ দিবস পালন ঠেকাতে কাশ্মীরের মুখ্যমন্ত্রীকে গৃহবন্দি করেছে সরকার। শহীদ দিবসের অনুষ্ঠান ঠেকাতে শ্রীনগরের গুরুত্বপূর্ণ অনেক রাস্তা ও এলাকাগুলো পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্র্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী ছাড়াও কাশ্মীরের প্রধান নেতাদেরও গৃহবন্দি করার খবর পাওয়া গিয়েছে। গত রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। সংবাদমাধ্যমটি বলছে, শহরের বিভিন্ন স্থানে বিপুলসংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। বিশেষ করে খাজাবাজার এলাকায় প্রবেশ একেবারে নিষিদ্ধ করে দেওয়া হয়। সেখানেই ১৯৩১ সালের আন্দোলনে নিহত ২২ জন কাশ্মীরির কবরস্থান অবস্থিত।

শুধু সরকারি বা নিরাপত্তা বাহিনীর যানবাহনকেই প্রবেশের অনুমতি দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এদিকে কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ অভিযোগ করেন, তাকে বাড়িতে আটকে রাখা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, বাড়ির দরজা বাইরে থেকে তালাবদ্ধ, পুলিশ আর আধাসামরিক বাহিনী যেন কারারক্ষী।

তিনি আরও বলেন, শ্রীনগরের বড় সেতুগুলোও বন্ধ। শুধু মানুষকে একটি মাত্র ঐতিহাসিক কবরস্থানে যেতে বাধা দিতেই এ ব্যবস্থা। এ ঘটনাকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষক ও স্থানীয় রাজনৈতিক নেতারা।

২০১৯ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করে দেয়। এরপর থেকে অঞ্চলটির রাজনৈতিক ও নাগরিক অধিকার চরমভাবে সীমিত হয়ে পড়ে। আগে প্রতিবছর ১৩ জুলাই ‘কাশ্মীর শহীদ দিবস’ হিসেবে পালিত হতো, যা সরকারি ছুটির দিনও ছিল। এই দিনটি ১৯৩১ সালে ডোগরা শাসকের বিরুদ্ধে আন্দোলনরত ২২ জন কাশ্মীরি নাগরিক পুলিশের গুলিতে নিহত হওয়ার স্মৃতি বহন করে। এ বছর অবশ্য কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স প্রশাসনের কাছে কবরস্থানে যাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে অনুমতি চাইলেও তা বাতিল করে দেওয়া হয়। শ্রীনগর পুলিশ এক্সে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানায়, সব ধরনের জনসমাবেশ ও সমবেত হওয়ার আবেদন নাকচ করা হয়েছে। তারা হুঁশিয়ারি দেয়, আদেশের যেকোনো ধরনের লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ন্যাশনাল কনফারেন্স দলের মুখপাত্র তানভীর সাদিক বলেন, ১৩ জুলাই শুধু একটি তারিখ নয়, এটি আত্মত্যাগ, মর্যাদা এবং ন্যায়ের লড়াইয়ের প্রতীক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত