‘হাতিয়ার জন্য গত ৫০ বছর কি করেছেন’ প্রশ্ন হান্নান মাসউদের

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৪:৪১ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেছেন, আমি বাংলাদেশের রাজনীতি করছি। দেশের গতানুগতিক রাজনীতি রাজনীতিবিদদের জন্য কঠিন করে তুলব। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় হাতিয়ার ভাঙ্গন কবলিত নলচরা ইউনিয়নের তুফানিয়া গ্রামে জিও ব্যাগ ডাম্পিং প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। প্রকল্পের আওতায় ১ লাখ ২০ হাজার বস্তা জিও ব্যাগ ডাম্পিং করা হবে।

আব্দুল হান্নান মাসউদ বলেন, আজ বৃষ্টির মধ্যে এখানে এসেছি।  রাজনীতিবিদদের চিন্তা করতে হবে- নেতা হতে বৃষ্টি এবং কাদার মধ্যে সব জায়গায় যেতে হবে। এসি রুমে বসে রাজনীতি করার আর সুযোগ নাই। উপজেলা সদরে বসে রাজনীতি করার সুযোগ নাই। বড় বড় নেতার ঘরে ঢুকে হাত পা ধরে রাজনীতি করার সুযোগ নাই। রাজনীতি করতে হলে গরিব-দুঃখী মানুষের কাছে যেতে হবে। ভূমিহীনদের ভূমি তাদের বুঝিয়ে দিতে হবে। রাজনীতি করতে হলে রাস্তাঘাটের কাজ করতে হবে। সেখান থেকে চাঁদা খাওয়া যাবে না।

তিনি বলেন, আমি হয়তো সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারি না। আমার হয়তো বয়স কম। আপনারা বয়সে অনেক বড়, অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারেন। এই হাতিয়ার মানুষের জন্য গত ৫০ বছর কি  করেছেন? আপনারা শুধু একটা জিনিসই পারেন। মানুষকে ব্যঙ্গ করে স্লোগান দেওয়া, দলকে ব্যঙ্গ করে স্লোগান দেওয়া। এর বাইরে আপনারা কিছুই পারেন না। আমার বাসার সামনে গিয়ে এনসিপি ভুয়া বলে স্লোগান দেন। এনসিপি আপনাদের কি করেছে? এনসিপি হাতিয়ার ভূমিহীনদের ভূমি বুঝিয়ে দিয়েছে। এনসিপি হাতিয়ার মানুষের রাস্তাঘাট করে দিচ্ছে, হাতিয়ার মানুষের নদীভাঙন রোধে দিনরাত কাজ করে যাচ্ছে।

হাতিয়া কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মফিজ উদ্দিনের সভাপতিত্বে সভায় আব্দুল হান্নান মাসউদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আবদুল মালেক, জাতীয় নাগরিক পার্টির হাতিয়া উপজেলা প্রতিনিধি ইউসুফ রেজাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন  উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত