ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ

যুক্তরাষ্ট্রের শর্তে কোনো আলোচনা নয় : ইরান

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:০৭ এএম

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম থেকে সরে আসার শর্ত দিলে ওয়াশিংটনের সঙ্গে নতুন করে পরমাণু আলোচনায় যেতে আগ্রহী নয় তেহরান। সাম্প্রতিক সহিংসতার অবসান ঘটার পর ইরান ও যুক্তরাষ্ট্র উভয়ই আলোচনার টেবিলে ফেরার ইঙ্গিত দিয়েছে। তবে তেহরান দৃঢ়ভাবে জানিয়েছে, তারা শান্তিপূর্ণ উপায়ে পারমাণবিক শক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না। সোমবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির উপদেষ্টা আলি বেলায়েতির বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্তে কোনো আলোচনা হবে না।

এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি জানান, ইরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বৈঠকে বসার দিন চূড়ান্ত করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের মধ্যে সম্ভাব্য বৈঠক নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত ওই বৈঠক কবে, কোথায় এবং কখন হবে, তা নির্ধারণ হয়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত