মামলার শুনানি চলাকালে আইনজীবীর মৃত্যু

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:৩৩ এএম

চাঁদপুরে মামলার শুনানি চলাকালে হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে আব্দুল মান্নান খান (৫১) নামে এক আইনজীবীর মৃত্যু হয়েছে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও জজ আদালতে রিভিশন মামলার শুনানিকালে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

এই ঘটনার পর জেলা ও দায়রা জজ সামছুন্নাহার আদালতের সব কার্যক্রম মুলতবি ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে আদালত চত্বর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সহকর্মী আইনজীবীরা জানান, আইনজীবী আব্দুল মান্নান আদালতে একটি রিভিশন মামলার অ্যাডমিশন শুনানি করছিলেন। শুনানি করা অবস্থায় তিনি হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। এ সময় বসার বেঞ্চের সঙ্গে ধাক্কা লেগে মাথায় রক্তাক্ত জখম হয় তার।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান বলেন, আইনজীবী আব্দুল মান্নানকে হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি স্ট্রোক করেছিলেন।

চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) কুহিনূর বেগম বলেন, আমরা এমন খবরের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তার মৃত্যুতে আগামীকাল ফুল কোর্ট রেফারেন্স থাকবে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

জানা যায়, আব্দুল মান্নান খান ২০১০ সালে চাঁদপুুর আইনজীবী সমিতিতে যুক্ত হন। মৃত্যুর দিন পর্যন্ত আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত