‘বাংলাদেশ ঘরের মাঠে সবসময়ই চ্যালেঞ্জিং দল’

আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১২:৩৭ এএম

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে হোম কন্ডিশনে চ্যালেঞ্জের কথা স্বীকার করেছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগা। ২০ জুলাই থেকে মিরপুর স্টেডিয়ামে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের সিরিজ খেলতে আজ বুধবার ঢাকায় আসছে পাকিস্তান দল। তার আগে করাচিতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সালমান জানান, ঢাকার আবহাওয়া ও পিচ পরিস্থিতি মাথায় রেখেই করাচিতে অনুশীলন ক্যাম্প আয়োজন করা হয়েছিল। ‘আগামী সিরিজের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আমরা বাংলাদেশ সফরে যাচ্ছি। ঘরের মাঠে বাংলাদেশ সবসময়ই একটি চ্যালেঞ্জিং দল।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালমান আঘা নিশ্চিত করেছেন, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহীন শাহ আফ্রিদিকে বাদ দেওয়া হলেও তারা ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের মূল পরিকল্পনাতেই আছেন।

বাবর ও রিজওয়ান সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন গত ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। শাহীন খেলেছিলেন মার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে। তাদের সাম্প্রতিক দল থেকে বাদ পড়া ঘিরে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল।

এ প্রসঙ্গে সালমান বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার, যারা যেকোনো সময় কাউকে রিপ্লেস করতে পারবে। সে লক্ষ্যেই আমরা বেঞ্চ শক্তি গড়ে তুলছি। বিশ^কাপ পর্যন্ত আমরা ২৫ জন খেলোয়াড়ের একটি পুল তৈরি করেছি এবং সেই পুল থেকেই খেলোয়াড় নির্বাচন করা হবে। বাবর, রিজওয়ান ও শাহীন এই পুলের অন্তর্ভুক্ত।’

অন্যদিকে ইনজুরিতে থাকা সহ-অধিনায়ক শাদাব খানের পরিবর্তে মোহাম্মদ নওয়াজের নির্বাচনের কারণও ব্যাখ্যা করেন অধিনায়ক। তিনি জানান, ‘শাদাবের কাঁধের অস্ত্রোপচারের পর তিনি তিন মাসের জন্য মাঠের বাইরে থাকবেন। তার পরিবর্তে নওয়াজকে বেছে নেওয়া হয়েছে। ফর্ম সবসময় এক রকম থাকে না, তাই পারফরম্যান্সের বাইরেও খেলোয়াড়ের সামর্থ্য বিশ্লেষণ করা জরুরি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত