জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহতদের পরিবারকে পুনর্বাসনে সরকার কাজ করছে জানিয়ে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদষ্টো ফারুক-ই-আজম বীরপ্রতীক বলেছেন, এসব পরিবারকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে পুনর্বাসন করা হবে। বুধবার (১৬ জুলাই) চট্টগ্রাম নগরীর বহদ্দারহাটে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদদের স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
ফারুক-ই-আজম বলেন, সামনের দিনে যারা রাষ্ট্র শাসন করবে তারা যেন আর স্বৈরাচারী মনোভাব পোষণ করতে না পারে সেজন্য জুলাই অভ্যুত্থানে শহীদরা যেসব জায়গায় প্রাণ দিয়েছেন সে রকম ৮৬৪ স্থানে স্থায়ীভাবে স্মৃতিস্তম্ভ স্থাপন করা হচ্ছে যাতে তারা সেটি দেখে বুঝতে পারে।
জুলাই হত্যাকাণ্ডের বিচারের কাজ দ্রুত চলছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা চাই আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বিচারিক কাজ সম্পন্ন করতে। সেজন্য বিচারিক প্রক্রিয়াকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হচ্ছে।
উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানে আহত এবং নিহত পরিবারের স্বজনদের যাতে মানবেতর দিনযাপন করতে না হয় সেজন্য আলাদা অধিদপ্তর গঠন করার মাধ্যমে তাদের সর্বোচ্চ সহায়তা করা হবে। তারা যেন পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে সেই পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক ফরিদা খানম এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
