সাদা বলের ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স থাকলেও বারবার জাতীয় দলের বাইরে থেকে যাচ্ছেন নুরুল হাসান সোহান। বিশেষ করে ওয়ানডে দলে জায়গা না পাওয়া নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানালেন, নির্বাচকদের সুনজরেই আছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।
সাম্প্রতিক বছরগুলোতে ঢাকা প্রিমিয়ার লিগ, ‘এ’ দল কিংবা ঘরোয়া ক্রিকেট সবখানেই নিজের সামর্থ্যরে প্রমাণ দিয়েছেন সোহান। এবারের প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের হয়ে ১১ ম্যাচে করেছেন ৫১২ রান, দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিতে গড় ৫৮, স্ট্রাইকরেট ৯৩.৫৪। আগের মৌসুমেও রান করেছিলেন ৪৯৫। এরপরও সদ্যসমাপ্ত শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে স্কোয়াডে জায়গা হয়নি ৩১ বছর বয়সী এই ক্রিকেটারের। তবে ফাহিম মনে করেন, সোহান এখনো নির্বাচকদের ভাবনায় আছেন, ‘অবশ্যই সোহান খুবই ভালো ক্যাপ্টেন, খুবই ভালো প্লেয়ার, ভালো লিডার, ভালো মোটিভেটর। আমি সবসময় ওকে খুব হাইলি রেট করি এবং আমি একজন ফ্যানও ওর। দারুণ একজন ক্রিকেটার এবং তার দিকে আমাদের নির্বাচকদের খুব ভালো চোখ আছে।’
