গোপালগঞ্জে ছিল গোয়েন্দা ব্যর্থতা

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৭:৪৭ এএম

গোয়েন্দা সংস্থা তৎপর থাকলে গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটত না। গোয়েন্দা ব্যর্থতাই গোপালগঞ্জের ঘটনার জন্য দায়ী। জুলাই চেতনা নস্যাৎ করে পতিত প্রধানমন্ত্রীকে পুনর্বাসন করার জন্য চক্রান্ত চলছে, যাতে নির্বাচন পিছিয়ে যায়। গোপালগঞ্জের ঘটনা তারই উদাহরণ।

গতকাল শুক্রবার ঢাকার এফডিসিতে মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

আশরাফুল হুদা বলেন, পুলিশের কার্যক্রমে হস্তক্ষেপ না করে যথাযথভাবে দায়িত্ব পালন করতে দিলে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। সোহাগ হত্যাকান্ডের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। শহরের মাঝে ঘটনা ঘটে যাওয়ার দুদিন পরে ভাইরাল হওয়ার পর পুলিশের তৎপর হওয়াটা দুঃখজনক। এখানে পুলিশের কোনো গাফিলতি থাকলে তারও সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। নৈরাজ্য সৃষ্টি ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কেউ কেউ টার্গেট করে বিএনপির ওপর দোষ চাপিয়ে দেওয়ার জন্য এ ধরনের মব ভায়োলেন্স করছে।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মব সন্ত্রাস জাতীয় জীবনে এক নতুন আপদ হিসেবে পরিলক্ষিত হচ্ছে। দেশটা মবের মুল্লুকে পরিণত হচ্ছে। সমাজের ক্যানসার মব সন্ত্রাস। মব কালচার গণতন্ত্রের অভিযাত্রাকে কলঙ্কিত করছে। এটা বন্ধ করা না গেলে জনজীবনে আতঙ্ক বাড়তে থাকবে। অফিস-আদালত, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ট্রেন স্টেশন সর্বত্র ভীতিকর অবস্থা বিরাজ করবে। আন্তর্জাতিক পরিম-লে জাতি হিসেবে আমাদের গ্রহণযোগ্যতা হারাবে। বাংলাদেশ ব্যর্থ রাষ্ট্র হিসেবে পরিগণিত হতে পারে। মবের উৎপাত বাড়তে থাকলে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে ভয় পাবে। দেশীয় বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। আজ মব নিয়ে যে আতঙ্ক, উৎকণ্ঠা তা অতীতের ধারাবাহিকতা বললে ভুল হবে না। ১/১১’র সময় লগি-বৈঠা দিয়ে নির্মমভাবে পিটিয়ে মানুষ হত্যার মাধ্যমে মবের বীজ রোপিত হয়েছিল। বিদ্যমান পরিস্থিতিতে সর্বত্র মব জাস্টিসের নামে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মাজার ভাঙা, বাউল গান বন্ধ করা, জাতীয় সংগীত নিয়ে প্রশ্ন তোলা কাক্সিক্ষত নয়। মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করা না গেলে জুলাই অভ্যুত্থানের চেতনা বৃথা যাবে।

বিচারহীনতার সংস্কৃতি, বিচারব্যবস্থার জটিলতা, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়, সামাজিক অবক্ষয়ের ফলেই মব সন্ত্রাস বাড়ছে। মব জাস্টিস তথা মব সন্ত্রাস প্রতিকারে করণীয় নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে নিম্নের ৭ দফা সুপারিশ করা হয় ১. মব সন্ত্রাস প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা পোষণ করা ২. বিচারব্যবস্থার জটিলতা দূর করে বিচারহীনতার সংস্কৃতি পরিহারের মাধ্যমে দক্ষ, স্বচ্ছ ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র কাঠামো তৈরি করা ৩.  জনগণের মধ্যে নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তুলে সচেতনতা বৃদ্ধি করা ৪. গুজবের ওপর ভিত্তি করে কোনোভাবেই যাতে মব সন্ত্রাস ছড়াতে না পারে তার জন্য সোশ্যাল মিডিয়ার ওপর সরকারের নজরদারি বাড়ানো। কাট পেস্ট করে ঘৃণা ছড়ানোর লক্ষ্যে তৈরি করা মিথ্যা কনটেন্টগুলো অপসারণে বিটিআরসিকে আরও তৎপর হওয়া ৫. আগামী জাতীয় নির্বাচনে নির্বাচনী ইশতেহারে মব সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করা ৬. মব সন্ত্রাস প্রতিরোধে সামাজিক ও অর্থনৈতিক ভারসাম্য তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য দূরীকরণ এবং সুশিক্ষার মাধ্যমে অপরাধ প্রবণতা কমিয়ে আনা ৭) মব জাস্টিস প্রতিরোধে গণমাধ্যমকে আরও বেশি এনগেজ করা।

ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা মব সন্ত্রাস বৃদ্ধির প্রধান কারণ’ শীর্ষক ছায়া সংসদে সাউথইস্ট ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বিতার্কিকরা বিজয়ী হয়। প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক সাইদুর রহমান, সাংবাদিক আহমেদ সরওয়ার, সাংবাদিক এম এম বাদশাহ্ ও সাংবাদিক মনিরুজ্জামান মিশন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত