দায়িত্বশীল হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকত : নাহিদ

আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৭:২২ এএম

সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন। তিনি বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আমরা  শোকাহত। ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ করতে পারত। সরকারের উপদেষ্টারা যদি দায়িত্বশীল আচরণ করতেন, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

গতকাল মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

তিনি বলেন, প্রথমত, মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের যে ৬ দফা দাবি, তার প্রতি আমরা সংহতি প্রকাশ করছি। তারা যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে। এই দাবিগুলো সরকারকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা উচিত।

কিছু কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে শিক্ষা উপদেষ্টার। গতকাল রাত তিনটা-চারটার সময় জানতে হয়েছে যে, এসএসসি পরীক্ষা স্থগিত করতে হবে। অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন না। একটা সরকারের যদি এই অবস্থা হয়, উপদেষ্টাদের মধ্যে যদি সমন্বয় না থাকে, দেশের এমন জরুরি পরিস্থিতিতে যেখানে পুরো ছাত্রসমাজ ট্রমার মধ্যে, শিক্ষার্থীরা এই ঘটনা নিয়ে উদ্বিগ্ন সেখানে একটি সিদ্ধান্ত নিতে রাত তিনটা-চারটা বেজে যায়। এতে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, শঙ্কা তৈরি হচ্ছে। সরকারের উপদেষ্টারা যদি দায়িত্বশীল আচরণ করতেন, তাহলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

দ্বিতীয়ত, গতকাল রাত থেকে লাশ গুম করার প্রচারণা দেখছি। সরকারের জায়গা  থেকে এ বিষয়ে সঠিক বক্তব্য আশা উচিত ছিল। আসলে ঘটনাটা কী? এ ধরনের কোনো ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে, সরকারকে দ্রুত সময়ের মধ্যে ওই স্কুলে ওই সময়ে কত জন শিক্ষার্থী, শিক্ষক, স্টাফ ছিলেন তারমধ্যে কতজন হতাহত হয়েছেন এটা আসলে প্রকাশ করা উচিত ছিল এবং সরকারের পক্ষ থেকে রেগুলার আপডেট করা উচিত। যাতে এ ধরনের কোনো গুজব না হয়। সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং ব্যাপকভাবে প্রচার করতে হবে। নিহত-আহতদের সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে।

তিনি বলেন, আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসনের জন্য যে পদক্ষেপ নেওয়া উচিত, আমরা সেগুলোর দাবি জানাচ্ছি। পুরো ঘটনার একটি নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এমন ঘটনা কেন ঘটল, সরকারের উচ্চ পর্যায় থেকে তদন্ত কমিটি হওয়া উচিত। সেখানে সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের রাখা উচিত এবং স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত। ভবিষ্যতে যাতে এমন ধরনের ঘটনা না ঘটে, তার জন্য দীর্ঘমেয়াদি রেসকিউ টিমসহ মেডিকেল টিম তৈরির পদক্ষেপ নেওয়া উচিত।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের যে ইমারজেন্সি পরিস্থিতি তৈরি হয়েছে,  সেটা ট্যাকল করা উচিত। এ ঘটনা নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাই না। তবে আমরা চাই, একটি নিরপেক্ষ তদন্ত কমিটি হবে। তার প্রতিবেদনের আলোকে আমরা মন্তব্য করব। তার জন্য সময় দরকার। তার আগে মন্তব্য করে পরিস্থিতি ঘোলাটে করতে চাই না।

তথ্যের সংকটের কারণে গুজব তৈরি হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, সরকারের কাছে যতটুকু তথ্য আছে, সেটা প্রকাশ ও প্রচার করা উচিত।

ব্রিফিংয়ে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও কেন্দ্রীয় নেতা তাসনিম জারা-সহ অন্য নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত