রাতভর ভারী বৃষ্টিতে গতকাল বৃহস্পতিবার রাঙ্গামাটির সাজেক সড়কের একাধিক স্থানে পাহাড় ধসের কারণে সকাল থেকে প্রায় ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে খাগড়াছড়ি-সাজেক সড়কে। এতে সাজেকে অবস্থানরত চার শতাধিক পর্যটক আটকা পড়ে। পরে বিকেল ৩টার পর সড়ক থেকে মাটি সরিয়ে নেওয়ার পর এ সড়কে আবার যান চলাচল সচল হয়। এই সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ার পর সাজেকে আটকা পড়া পর্যটকরাও নির্দিষ্ট গন্তব্যে ফিরে আসে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বলেন, ভারী বৃষ্টির কারণে গতকাল ভোররাতে খাগড়াছড়ি-সাজেক সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড় ধসের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া সড়কে প্রায় ৯ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সকালে পাহাড় ধসের খবর পাওয়ার পর দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনীর সদস্যরা পাহাড় ধসের মাটি সড়ক থেকে সরানোর কাজ শুরু করে। এ সময় দুই পাশে কয়েকশ গাড়ি আটকা পড়ে যায়। পরে মাটি সরিয়ে নেওয়ার পর বিকেল ৩টার পর আবার যান চলাচল স্বাভাবিক হয়।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়েছে। সঙ্গে বড় বড় পাথর ও গাছপালা উপড়ে পড়ায় সড়কটি অচল হয়ে পড়ে।
