রাতে রাস্তায় নৌকা ঝুলিয়ে সকালে গ্রেপ্তার

আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১২:০১ এএম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাঁশ আর কাপড় দিয়ে নৌকা তৈরি করে রাতের আঁধারে রাস্তার মোড়ে ঝুলিয়ে রাখেন এক আওয়ামী লীগ কর্মী। এ ঘটনায় সকাল হতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের কুড়ারপাড় এলাকায় গতকাল শুক্রবার সকালে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার গভীর রাতে কুড়ারপাড় বাজারে বাঁশ ও কাপড় দিয়ে একটি নৌকা বানিয়ে বাঁশের আগায় ঝুলিয়ে রাখেন এলাকার আকাব আলীর ছেলে ময়নাল হক (৩৫)। এ কাজে তাকে সহায়তা করেন আব্দুস সামাদের ছেলে বারেক (৫৫)। নৌকার সঙ্গে নিজেদের ছবি ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা সেøাগান ডিজিটাল ব্যানারে প্রিন্ট করে লাগিয়ে দেন। ভোর হলে নৌকা ঝুলিয়ে রাখার বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছবি দেখে ময়নালকে গ্রেপ্তার করে নৌকাসহ থানায় নিয়ে আসে।

ভূরুঙ্গামারী থানার ওসি আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। অন্য ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত