নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় ভাট্টি বিস্ফোরণে দগ্ধ হয়েছেন তিন শ্রমিক। গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের অবস্থিত বিক্রমপুর স্টিল লিমিটেডে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেলের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন বেল্লাল (৩৫), রোমান (৩০) ও রাব্বানী (৩৫)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ তিনজনের মধ্যে বেল্লাল হোসেনের শরীরের ২০ শতাংশ, রোমানের ৩৬ শতাংশ এবং রাব্বানীর ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের জরুরি বিভাগে চিকিৎসা চলছে।
বিক্রমপুর স্টিল লিমিটেডের কর্মকর্তা আরিফ খান জানান, ভোরে লোহা গলানোর সময় হঠাৎ ভাট্টির লিকেজ হয়ে বিস্ফোরণ ঘটলে তিনজন শ্রমিক দগ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে বার্ন ইউনিটে পাঠানো হয়।
রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানটির অবহেলা আছে কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে স্থানীয়দের দাবি, পুরনো যন্ত্রপাতি ও অপ্রশিক্ষিত শ্রমিক ব্যবহারের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।
