বিএনপি নেতার বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতি

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১২:৫৫ এএম

গাজীপুরের শ্রীপুরে এক বিএনপির নেতার বাড়িতে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি করেছে একদল ডাকাত।

এ সময় ডাকাতরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্তত ৩০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।

গত শুক্রবার মধ্যরাতে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের আফাজ উদ্দীন মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। আফাজ উদ্দীন ম-ল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

বিএনপি নেতা আফাজ উদ্দীন মন্ডল বলেন, ডাকাতদল তার বাড়ির মূল ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

পরে তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ধমকাধামকি শুরু করে। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আরও কিছু ডাকাত সদস্য ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। তাদের হাতে পিস্তল ও দেশীয় অস্ত্র ছিল। সবাইকে জিম্মি করে ডাকাতদলের সদস্যরা ঘরের জিনিপত্র তছনছ করে লুটপাট চালায়।

শ্রীপুর মডেল থানার ওসি আবদুল বারিক বলেন, ‘লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত সদস্যদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে একটি ভালো খবর দিতে পারব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত