অদ্ভুত কারণে নিষিদ্ধ মেসি ‘মর্মাহত’

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:০৭ এএম

অলস্টার ম্যাচে না খেলার কারণে নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এবং জর্ডি আলবা। তাতে মেজর লিগ সকারে (এমএলএস) মায়ামির পরবর্তী ম্যাচটি খেলতে পারবেন না। এই ঘটনায় মেসি ‘মর্মাহত’ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন মায়ামির অন্যতম মালিক জর্জ মাস। একইসঙ্গে তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন।

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ও মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার একাদশের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হয়। এমএলএসের নিয়ম অনুযায়ী, প্রাথমিক স্কোয়াডে থাকা কোনো খেলোয়াড় ইনজুরিতে না পড়া সত্ত্বেও অলস্টার ম্যাচে না খেললে পরবর্তী একটি লিগ ম্যাচে তাকে নিষিদ্ধ করা হয়। তবে মেসি ও আলবার নিষেধাজ্ঞার খবরটি দেরিতে আসে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছিল শাস্তি নাও হতে পারে মেসির। তার কারণ ব্যাখ্যায় তারা উল্লেখ করেছিল এমএলএস কমিশনারের বক্তব্য। কমিশনার গারবার বলেছিলেন, ‘আমাদের এমন একজন খেলোয়াড় আছেন যিনি ৩০ দিনে ৯ ম্যাচ খেলেছেন। ইন্টার মায়ামির সূচিটা অন্য দলের চেয়ে ভিন্ন ছিল। লিও প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট খেলেছেন। আমাদেরই সেটি দেখতে হবে।’ অলস্টার ম্যাচের পর অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো আশায় ছিলেন কোনো খারাপ খবর পেতে হচ্ছে না। তিনি জানিয়েছিলেন, ‘(আমার দল) চলতি মৌসুমে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে এবং এত বেশি ম্যাচ ও সময় খেলায় মেসির মধ্যে কিছুটা অবসাদ দেখা গেছে। শারীরিকভাবে খেলোয়াড়দের সবসময়ই কিছু অস্বস্তি থাকে, বিশেষ করে যখন তাদের প্রতি তিন দিনে ম্যাচ খেলতে হয়। আমরা তাদের ওপর কোনো শাস্তির বার্তা পাইনি।’ তবে গাবরারের বক্তব্য এবং মাশচেরানোর কথার কয়েক ঘণ্টা পরই এমএলএস’র নিয়ম অনুযায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয় মেসি ও আলবাকে। এই নিষেধাজ্ঞার ফলে মায়ামির হয়ে সিনসিনাটির বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না মেসি ও আলবা।

এমএলএসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ সপ্তাহে মেজর লিগ সকার অলস্টার ম্যাচে অনুপস্থিত থাকার কারণে শনিবার সিনসিনাটির বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন না ইন্টার মায়ামির জর্দি আলবা এবং লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, লিগের কাছ থেকে আগেই অনুমতি না নিয়ে কোনো খেলোয়াড় যদি অলস্টার গেমে অনুপস্থিত থাকেন, তাহলে তিনি তার ক্লাবের পরের ম্যাচটি খেলতে পারবেন না।’

নিষেধাজ্ঞার বিষয়ে তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে ইন্টার মায়ামির মালিক জর্জ মাস বলেন, ‘তারা এই সিদ্ধান্ত বুঝতে পারছে না। এটা খুব কঠোর সিদ্ধান্ত। মেসি মর্মাহত, খুব হতাশ। ক্লাবের সবারই একই অনুভূতি। আমি মনে করি আমাদের একসঙ্গে থাকতে হবে এবং বিশ্বের বিপরীতে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে। স্বাভাবিকভাবেই নিষেধাজ্ঞার বিষয়টি কেউই ইতিবাচকভাবে নেয়নি।’ ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা ৭ ম্যাচে খেলার কারণে মেসি ও আলবাকে অলস্টার ম্যাচে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তটি দলই নিয়েছিল। জর্জ মাস আরও বলেন, ‘মেসি ও আলবা ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেছে। তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে। তবে এটা ঠিক যে একটি প্রদর্শনী ম্যাচ না খেলায় মূল লিগের ম্যাচে নিষেধাজ্ঞা পাওয়াটা কেউই মানতে পারছে না। এটা ঠিক নয়। খেলোয়াড়দের জন্য এটা ন্যায্য নয়।’

পরে সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিককে এমএলএস কমিশনার গারবার বলেছেন, ‘তার (এমএলএস অলস্টার ম্যাচে) না খেলার বিষয়টি আমি বুঝি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে অলস্টার ম্যাচে কোনো খেলোয়াড়ের অংশ নেওয়ার বিষয়ে আমাদের দীর্ঘদিনের প্রচলিত নিয়ম আছে এবং সেটা কার্যকর করতে হয়েছে। এটা ছিল খুব খুব কঠিন সিদ্ধান্ত, কিন্তু আশা করি এটা মেসি এবং বাকিরা বুঝবেন এবং সম্মান করবেন। তিনি তার ক্লাব, সতীর্থ ও লিগের জন্য দিনের পর দিন (মাঠে) নেমেছেন এবং তার সিদ্ধান্তকে আমি সম্মান করি।’

গত ৩০ এপ্রিল থেকে মায়ামির প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছেন ৩৮ বছর বয়সী মেসি। গত ১৪ জুন থেকে খেলেছেন ৯ ম্যাচ, এর মধ্যে ৪ ম্যাচ খেলেছেন ফিফা ক্লাব বিশ্বকাপে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত