শিশু গ্রেপ্তারের বিষয়ে তদন্তের নির্দেশ

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:৪৫ এএম

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলা এবং পরবর্তী সহিংসতার ঘটনায় শিশুদের গ্রেপ্তারের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আগামী ৫ নভেম্বরের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে সংশ্লিষ্টদের। পাশাপাশি গ্রেপ্তারের ক্ষেত্রে শিশু আইন অনুসরণ করা হয়েছে কি না, এ প্রশ্নে রুল দিয়েছে হাইকোর্ট। এ সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ আদেশ দেয়। স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশুবিষয়ক সচিব, আইন সচিব, পুলিশের মহাপরিদর্শক, জেলার পুলিশ সুপারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

‘গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন কারাগারে, রয়েছে ৯ শিশুও’ শিরোনামে গত ২০ জুলাই একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী উৎপল বিশ্বাস ও আবেদা গুলরুখ এ রিট আবেদনটি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট উৎপল বিশ্বাস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মুহাম্মদ আজমী। রাষ্ট্রপক্ষের আইনজীবী দেশ রূপান্তরকে বলেন, গোপালগঞ্জে শিশু গ্রেপ্তারে শিশু আইন লঙ্ঘন হয়েছে কি না, তা তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ ছাড়া শিশুদের গ্রেপ্তারে শিশু আইন ও আন্তর্জাতিক শিশু সনদের বিধানের ব্যত্যয় হয়েছে কি না, তা জানতে চেয়ে রুল হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত