আগামী সেপ্টেম্বর মাসে সিরিয়ায় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন দেশটির নির্বাচনী প্রক্রিয়া তত্ত্বাবধানকারী সংস্থার প্রধান। এটি হবে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর নতুন
কর্র্তৃপক্ষের অধীনে প্রথম নির্বাচন। রবিবার সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানাকে দেওয়া সাক্ষাৎকারে সিরিয়ার নির্বাচনী প্রক্রিয়া তত্ত্বাবধানকারী সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ তাহা আল-আহমদ জানান, আগামী ১৫ থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নতুন প্রশাসনের অধীনে প্রথমবারের মতো এই ভোটে ২১০টি আসনের এক-তৃতীয়াংশ অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সরাসরি মনোনয়ন দেবেন, বাকি আসনগুলোতে ভোট হবে। নির্বাচনী কমিটির সদস্য হাসান আল-দাঘিম জানিয়েছেন, সিরিয়ার প্রতিটি প্রদেশে একটি করে ইলেক্টোরাল কলেজ গঠন করা হবে, যারা নির্বাচিত আসনের জন্য ভোট দেবেন।
