চট্টগ্রামের পটিয়ায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাত দলের দুই সদস্য, দুই মাদক কারবারি এবং জিআর ও সিআর গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ চোলাইমদ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে পটিয়া থানাধীন হাইদগাঁও ইউনিয়নের কাজীপাড়া এলাকায় প্রিন্স আলমের বাড়ি থেকে মো. জানে আলম (৪৮) নামে এক মাদক কারবারিকে ৮০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।
একই রাতে ৯টা ২০ মিনিটে পটিয়া থানার পুলিশ এবং পটিয়া আর্মি ক্যাম্পের যৌথ অভিযানে কচুয়া ইউনিয়নের ওলিরহাট বাজার এলাকা থেকে মো. নয়ন (২২) নামে আরেক মাদক কারবারিকে ২২.৫ লিটার চোলাইমদসহ আটক করা হয়।
এছাড়া ৩০ জুলাই ভোরে কোলাগাঁও ইউনিয়নের চাপড়া এলাকায় লবণ মিলের পাশে ডাকাতির প্রস্তুতিকালে দুই ডাকাত সদস্য মো. ইমরান মনির (৩৭) ও মো. ইব্রাহিম শিবলু (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি ছোট ছুরি, ১টি বড় দা, ১টি বড় ছুরি এবং ১টি কাটার উদ্ধার করা হয়।
এছাড়া এসআই (নি.) শফিক উল্লাহ, এসআই (নি.) আনবিক চাকমা, এসআই (নি.) ইভা সাহা ও এএসআই (নি.) জাফর আহম্মেদের নেতৃত্বে পরিচালিত পৃথক অভিযানে দুইটি জিআর ও দুইটি সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জমান জানান, আইনশৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জামালপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত
ডিসির নতুন মিশন: গ্রামেও হবে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’