মিয়ানমারে দীর্ঘদিন ধরে চলমান জরুরি অবস্থা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির জান্তা সরকার। আজ বৃহস্পতিবার ইয়াঙ্গুন থেকে এএফপি জানিয়েছে, ডিসেম্বরে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সামনে রেখে জান্তা সরকার প্রস্তুতি জোরদার করছে। তবে বিরোধী দলগুলো ওই নির্বাচন বর্জন করেছে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সমালোচনা করছে।
২০২১ সালের ফেব্রুয়ারিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সেনাবাহিনী জরুরি অবস্থা জারি করেছিল। তিন বছরের বেশি সময় পর তা প্রত্যাহারের ঘোষণা এলো। জান্তার মুখপাত্র জাও মিন তুন বৃহস্পতিবার সাংবাদিকদের পাঠানো এক বার্তায় বলেন, আজ থেকে জরুরি অবস্থা বাতিল করা হলো।
এর আগে গত ৮ মার্চ এক অনুষ্ঠানে জেনারেল মিন অং হ্লেইং ঘোষণা দিয়েছিলেন, মিয়ানমারে আগামী ডিসেম্বর অথবা ২০২৬ সালের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। মুখপাত্র জৌ মিন তুনের বার্তায়ও সেই সময়সীমার প্রতিধ্বনি পাওয়া গেছে। তবে এখনো নির্দিষ্ট ভোটগ্রহণের দিন ঘোষণা করা হয়নি।
মিয়ানমারে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালের নভেম্বরে। সে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে এবং দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লেইং, যিনি পরে সামরিক সরকারের প্রধান হন।
