যারা পিআর পদ্ধতি নিয়ে কথা বলছে, নির্বাচন নিয়ে তাদের ষড়যন্ত্র রয়েছে। এ দেশের মানুষ তাদের ভোটের অধিকার চায়। মানুষের ভোটের অধিকার আদায়ে আন্দোলন করেছি আমরা। এ দেশের মালিক এ দেশের জনগণ। জনগণের ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হবে।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু গতকাল শুক্রবার দুপুরে টাঙ্গাইল পৌর শহরের শিল্পকলা একাডেমি চত্বরে আয়োজিত টাঙ্গাইল সদর উপজেলার এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
টুকু বলেন, আগামী নির্বাচনে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক বাড়িতে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ওই ফ্যামিলি কার্ডটা থাকবে মায়েদের নামে। ওই সংসারের মধ্যে মায়েরা ফ্যামেলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে টাকা পাবে। যাতে করে মায়েরা ওই পরিবারে সম্মানিত হন। এতে করে মায়েদের আরও শক্তি বৃদ্ধি পাবে। এটা বিএনপি সিদ্ধান্ত নিয়েছে।
বিএনপির এই নেতা বলেন, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। জনগণই নির্ধারণ করবে আগামীতে বাংলাদেশ কে পরিচালনা করবে।
এ সময় ডিপার্টমেন্ট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ জুলফিকার আলী, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক দুর্জয় হোড় শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।
