চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গতকাল শুক্রবার বিজয় সরণিতে ১৬ বছরের আওয়ামী স্বৈরশাসনের নিপীড়ন, জনগণের টানা প্রতিরোধ এবং শেখ হাসিনার পতন ঘটানো জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রোরেলের পিলারে আঁকা গ্রাফিতির আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা বলেন, মানুষ বলে দেয়ালেরও কান আছে। চব্বিশের জুলাইয়ে দেয়ালগুলোও প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল। জুলাই আর্ট ওয়ার্কের মূল উদ্দেশ্য ছিল মানুষের শোষণ ও নিপীড়নের চিত্র তুলে ধরা। আগামীতে গ্রাফিতি ফ্যাসিবাদের পুনরুত্থানে বাধা হয়ে দাঁড়াবে।
তিনি বলেন, এই গ্রাফিতিগুলো আমাদের আওয়ামী স্বৈরশাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে। ভবিষ্যতে এ দেশে যেন আর কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ছাড়া স্বপ্নের বাংলাদেশ গড়ার লড়াইটা কঠিন এবং সময় সাপেক্ষ জানিয়ে উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে তা বাস্তবায়ন করা হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় কারওয়ান বাজার এলাকায় ১৬টি পিলারে ফ্যাসিবাদের ১৬ বছরের জুলুম এবং বিজয় সরণি থেকে আগারগাঁও পর্যন্ত জুলাই অভ্যুত্থান স্মরণে ৩৬টি পিলারে এই গ্রাফিতি আঁকা হয়েছে।
