মাদারীপুরে কুমার নদ থেকে রাতের আঁধারে বালু উত্তোলনের সময় ধাওয়া খেয়ে পালিয়েছে বালু উত্তোলনকারীরা। এ সময় তাদের অবৈধভাবে ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে স্থানীয় জনগণ। গত শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদীর রায়েরকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাত ডাকাত বলে চিৎকার করলে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা। এ ঘটনায় গ্রামের কয়েকজনকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা পরিচয় দেওয়া ওবায়দুল ফরাজির বিরুদ্ধে। তবে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ। গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর পুলিশ সুপার নাঈমুল ইসলাম।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট-পরবর্তী শিরখাড়া ইউনিয়নে অবৈধ ড্রেজার ব্যবসা শুরু করেন স্থানীয় ওই নেতাসহ কয়েকজন। এরপর থেকেই প্রতি রাতে কুমার নদে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল চক্রটি। একইভাবে শুক্রবার রাতেও অবৈধ ড্রেজার মেশিন নিয়ে রায়েরকান্দী শ্রীনদী এলাকায় বালু উত্তোলনের জন্য আসে তারা। টের পেয়ে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে। একপর্যায়ে দ্রুত ড্রেজার মেশিন রেখে একটি বাল্কহেড নিয়ে তারা পালিয়ে যায়। পরে অবৈধ ড্রেজারটি আটক করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
এ ব্যাপারে মাদারীপুরের পুলিশ সুপার নাঈমুল হাসান বলেন, ‘ঘটনাটি শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অবৈধ ড্রেজারের বিরুদ্ধে আমরা প্রতিনিয়তই অভিযান পরিচালনা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তাও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন।’
