পারিবারিক কলহের জেরে দুই গৃহবধূ খুন

আপডেট : ০৪ আগস্ট ২০২৫, ১২:১২ এএম

নারায়ণগঞ্জের বন্দরে পারিবারিক কলহের জেরে নদী আক্তার নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যার পর অভিযুক্ত ভাসুর রবিউল হাসান থানায় আত্মসমর্পণ করেছেন। গতকাল রবিবার সকালে উপজেলার কুশিয়ারা এলাকার একটি নির্জন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী ও মুন্সীগঞ্জ জেলার ইদ্রিসপুর গ্রামের শাহজাহান দেওয়ানের মেয়ে। বন্দর থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, নিহত গৃহবধূ নদীর আগে আরও তিনটি বিয়ে হয়েছিল। কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল তার চতুর্থ স্বামী। ঋণের টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে ছুরিকাঘাতে হত্যার পর ভাসুর থানায় এসে আত্মসমর্পণ করেন। এদিকে, ছেলেমেয়ের সামনেই স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল রবিবার সকালে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের জেলখানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী মেহেদি হাসান পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। নিহত কাকলি (৩৫) উপজেলার মুচারিয়া পাথার গ্রামের মৃত ছবুর মিয়ার মেয়ে এবং পলাতক মেহেদী উপজেলার ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে। মেহেদী হাসান-কাকলী দম্পতির এক ছেলে ও এক মেয়ে নিয়ে ছয় মাস ধরে জেলখানা মোড়ের ভাড়া বাসায় থাকতেন।  নিহতের ভাই বাদল মিয়া বাদী হয়ে খুনের মামলার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে ওইদিন সকালে স্বামী-স্ত্রীর বাগবিত-ার একপর্যায়ে ছেলেমেয়েদের সামনেই একটি ছুরি নিয়ে স্ত্রীর পিঠে আঘাত করে মেহেদী পালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত