বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটির পক্ষ থেকে খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে বিভাগীয় কমিশনারের দপ্তরে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানকালে বিএনপির কেন্দ্রীয় গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বাগেরহাটবাসীর মৌলিক অধিকার এবং তাদের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করা হয়েছে। গণতান্ত্রিক দেশে তাদের মতামত উপেক্ষা করে ও প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করে নির্বাচন কমিশন একতরফাভাবে যে প্রস্তাব করেছে, তাতে বাগেরহাটবাসী ক্ষুব্ধ। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, সাবেক সচিব ড. মশিউর রহমান প্রমুখ।
