গুলশানের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) বহিষ্কৃত আহ্বায়ক সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ।
গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান রিয়াদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাত উল্লাহ ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রিয়াদের জবানবন্দি রেকর্ড করেন। জবানবন্দি শেষে আসামি রিয়াদসহ চারজনকে কারাগারে পাঠায় আদালত। অন্য তিন আসামি হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহীম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব। গত ২৭ জুলাই এই চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ।
