প্রধান উপদেষ্টাকে ফারুক

কারও কথায় নির্বাচন নিয়ে তালবাহানা করবেন না

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৭:৩২ এএম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, ‘আমরা আপনাকে পছন্দ করি, আপনার কথা আমাদের ভালো লাগে। কিন্তু কারও কথায় নির্বাচন নিয়ে তালবাহানা করবেন না। আজ (গতকাল) ৫ আগস্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য বিনয়ের সঙ্গে অনুরোধ করছি। কারণ নির্বাচন যতই বিলম্বিত হচ্ছে ততই ওই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। কারণ তাদের কাছে টাকা আছে। তাই এদের যদি রুখতে হয়, হাসিনার বিচার করতে হয় তাহলে নির্বাচন দিতে হবে। আর আপনারাও হাসিনার বিচার করেন তাতে কারও কোনো আপত্তি নেই। প্রতিটি নিপীড়নকারীর বিচার বাংলাদেশে হবে।’

গতকাল মঙ্গলবার দুপুরে নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির আয়োজনে ৫ আগস্ট গণঅভ্যুত্থানের শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলপূর্ব আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা তারেক রহমানকে ক্ষমতায় বসতে দিতে চাচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যদি নিজেদের মধ্যে ঐক্যই না থাকে তাহলে এসব স্বৈরাচারের মোকাবিলা করবেন কীভাবে। নির্বাচন এ দেশে অবশ্যই হবে, তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আর বিএনপিকে বাদ দিয়ে এদেশে নির্বাচন কখনো হবে না।

 সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল হান্নান লিটনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সেনবাগ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদ উল্যা, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর নবী বাচ্চুসহ অন্য নেতাকর্মীরা।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত