সন্ত্রাসীদের হামলায় রেল কর্মচারী নিহত

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০১:০৭ এএম

নেত্রকোনার পূর্বধলায় দুর্বৃত্তদের হামলায় কাকন আহমেদ (২৮) নামের এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন পূর্বধলা থানার ওসি নূরুল আলম। এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে পূর্বধলার নারান্দিয়া ইউনিয়নের দাপুনিয়া বাজারসংলগ্ন এলাকায় কাকন আহমেদের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত কাকন আহমেদ উপজেলার দাপুনিয়া পশ্চিমপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ও রেলওয়ের গৌরীপুর জংশনে পয়েন্টসম্যান হিসেবে কর্মরত ছিলেন।

পূর্বধলা থানার ওসি নূরুল আলম বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত