জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলা বিএনপির বিজয় মিছিল ও সমাবেশে যানজট সৃষ্টি হওয়া নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় অমিত হাসান রবিন নামে এক ছাত্রদল নেতাকে অব্যাহতি দিয়েছে উপজেলা ছাত্রদল। গত মঙ্গলবার রাতে ছাত্রদলের জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
অব্যাহতিপ্রাপ্ত ছাত্রদল নেতা অমিত হাসান রবিন জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। ছাত্রদল নেতা অমিত হাসান রবিন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে লেখেন, ‘সমাবেশ নাকি সাধারণ জনগণের ভোগান্তি। টানা দেড় ঘণ্টা জ্যাম।’ যানজটে আটকে থাকা সারিবদ্ধ গণপরিবহনের ছবিও পোস্ট করেন তিনি।
