সিনিয়র টিমের পথ ধরে এবার এশিয়ান কাপের মূলপর্বে খেলার অভিযানে রয়েছে অনূর্ধ্ব-২০ জাতীয় দলের মেয়েরা। লাওসে বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলে হারিয়ে আফিদা-সাগরিকাদের সূচনাটাও হয়েছে মনের মতো। এবার একই মাঠে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ পূর্ব তিমুর। মূল লক্ষ্য জয় হলেও এই ম্যাচে আফিদাদের সামনে চ্যালেঞ্জ যতখানি সম্ভব গোল ব্যবধানে নিজেদের এগিয়ে রাখা।
এশিয়ান কাপ বাছাইয়ের এই প্রতিযোগিতাটি থেকে মূলপর্বে আট গ্রুপের আট চ্যাম্পিয়ন ছাড়াও সুযোগ পাবে সেরা তিন রানার্সআপ দেশ। ‘এইচ’ গ্রুপে লাওস ও পূর্ব তিমুর তুলনামূলক সহজ প্রতিপক্ষ হলেও বাংলাদেশের পথের কাঁটা গ্রুপের সবচেয়ে শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া। শেষ ম্যাচে তাদের বিপক্ষে ম্যাচের ফলের ওপর অনেকখানি নির্ভর করবে বাংলাদেশের মূলপর্বে খেলা। তার আগে অবশ্য চাই ভিয়েনতিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়াম আজকের ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে ম্যাচ থেকে পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে নেওয়া। সেই সঙ্গে নিজেদের সুবিধাজনক অবস্থানে রাখতে এই ম্যাচ থেকে গোল ব্যবধানটাও বাড়িয়ে নিতে চাইবেন কোচ পিটার বাটলার।
লাওসের বিপক্ষে প্রথম ম্যাচের শেষ দিকে গোল খাওয়া নিয়ে হতাশা প্রকাশ করে এ ব্রিটিশ কোচ বলেছিলেন, ‘আমরা ভালোভাবে রক্ষণ সামলেছি। একটা বাজে গোল খেয়েছি আমরা, যেটা নিয়ে হতাশ ছিলাম আমি। তবে, সত্যি বলতে, আমি আসলেই মনে করি না, ওই গোল আমাদের কোনো বিপদের কারণ ছিল।’
দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ জেতা পরিসংখ্যান ও শক্তি-সামর্থ্য বিবেচনায় আফিদাদের জন্য বেশ কঠিন। প্রথম রাউন্ডের ম্যাচশেষে গ্রুপ রানার্সআপ দলগুলোর টেবিলে বাংলাদেশের অবস্থান চার নম্বরে। এই অবস্থান উন্নতির জন্য গোল ব্যবধানে যতটা সম্ভব এগিয়ে থাকতে হবে মেয়েদের। তাই আজকের ম্যাচে পূর্ব তিমুরের বিপক্ষে আরও বেশি করে নিজেদের উজাড় করে দিতে চাইবেন সাগরিকা, মুনকি, স্বপ্নারা।
