বিশ্ব র‌্যাংকিংয়ে অভাবনীয় উন্নতি ঋতুদের

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৩৫ এএম

২০১৩ ও ২০১৭ সালে বাংলাদেশ নারী ফুটবল দল ছিল বিশ্ব র‌্যাংকিংয়ের সর্বোচ্চ স্থানে (১০০ তম)। আপাতদৃষ্টে এটা বড় সাফল্য। তবে দূর অতীতকে বর্তমানের সঙ্গে মেলানো একদমই ঠিক হবে না। সেই দু’বছর বাংলাদেশের সেভাবে কোনো সাফল্যযোগ ছিল না। কিছু ম্যাচ খেলার সুবাদে র‌্যাংকিংয়ে কিছুটা উন্নতি হয়েছিল। তাছাড়া ২০১৭ সালে নারী ফুটবলের বিশ্ব র‌্যাংকিংয়ে ছিল মোটে ১২৬টি দল। সেটি বর্তমানে বেড়ে হয়েছে ১৯৬টি। এই তালিকায় ১০৪তম স্থানটি এখন বাংলাদেশের দখলে। নিজেদের ইতিহাসে সেরা অবস্থান না হলেও বৃহস্পতিবার ফিফার অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নারী বিশ্ব র‌্যাংকিংয়ের হোমপেজটা অনেক দিন সংরক্ষণে থাকবে বাংলাদেশ ভক্তদের। র‌্যাংকিং সামারি অংশে উন্নতির গ্রাফ আছে তিনটি। যার দুটি এখন বাংলাদেশের দখলে। পরবর্তী র‌্যাংকিং প্রকাশের (১১ ডিসেম্বর ২০২৫) আগ পর্যন্ত, যা গৌরবের চিহ্ন হয়ে থাকবে। এবারের র‌্যাংকিং ও রেটিং পয়েন্টে সবচেয়ে উন্নতি করা দেশটির নাম বাংলাদেশ। ৮০.৫১ রেটিং পয়েন্ট অর্জনের মাধ্যমে ২৪ ধাপ এগিয়েছে তারা। র‌্যাংকিংয়ে ঋতুপর্ণা চাকমাদের অভাবনীয় এই উন্নতি মিয়ানমারে এগিয়ে থাকা দুই প্রতিপক্ষকে হারিয়ে এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের মাধ্যমে।

১২ জুন প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম। এরপর ফিফা স্বীকৃত তিন ম্যাচ খেলেছে। মিয়ানমারে এশিয়ান কাপ বাছাইয়ে তারা ২৯ জুন বাহরাইনকে হারায় ৭-০ ব্যবধানে। ২ জুলাই স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারানোর মধ্য দিয়ে এশিয়ান কাপ অনেকটাই নিশ্চিত করে। আর ৫ জুলাই তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে এশিয়ার সেরা ১২ দলের একটি হয়ে তারা খেলবে এশিয়ান কাপ। এই বাছাইয়ে মিয়ানমার ছিল ৫৭তম। বাহরাইন ৯২তম আর তুর্কমেনিস্তান ১৪১তম।

২০১১ সালে র‌্যাংকিংয়ে অন্তর্ভুক্ত হওয়ার পর ২০২২ সালের ৫ আগস্ট প্রকাশিত বিশ্ব র‌্যাংকিংয়ে সবচেয়ে বাজে অবস্থানে (১৪৭তম) ছিল বাংলাদেশ। এরপর থেকেই বদলে যায় দৃশ্যপট। সে বছর সেপ্টেম্বরে তারা ইতিহাস গড়ে প্রথমবারের মতো সাফ শিরোপা জেতে। সোনালি সাফল্যের পর অবশ্য প্রায় ৯ মাস আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়নি তারা। আন্তর্জাতিক মঞ্চে অনিয়মিত হয়ে পড়ায় র‌্যাংকিংয়েও প্রত্যাশিত উন্নতি হয়নি। লম্বা সময় বাংলাদেশকে ঘুরপাক খেতে হয়েছে ১৪০-এর ঘরে। তবে ২০২৪ সালের অক্টোবরে পিটার বাটলারের অধীনে বাংলাদেশ টানা দ্বিতীয়বারের মতো সাফ শিরোপা জিতে ১৩৯ থেকে ১৩২-এ উঠে আসে। সে বছর ডিসেম্বরে প্রকাশিত সেই র‌্যাংকিংয়ের পর অবশ্য বড় একটা সময় খেলার বাইরে ছিল বাংলাদেশ। গত বছর মার্চে তারা ১৩৩-এ নামে। তবে সর্বশেষ ১২ জুন প্রকাশিত র‌্যাংকিংয়ে বাংলাদেশ এগোয় চার ধাপ। এটা হয়েছিল জর্ডানে স্বাগতিকদেরসহ ইন্দোনেশিয়ার সঙ্গে ড্র করায়। আর এবার তো গুনে গুনে ২৪ ধাপ এগিয়ে ১০৪-এ পৌঁছে গেছে বাংলাদেশ। রেটিং পয়েন্টও ৮০.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১৮০। ১৯৬ দলের মধ্যে র‌্যাংকিং ও রেটিংয়ে এতটা উন্নতি আর কোনো দেশের হয়নি।

র‌্যাংকিংয়ে বাংলাদেশ অভাবনীয় উন্নতির অন্যতম কারিগর ঋতুপর্ণা চাকমা। বাছাই পর্বে পাঁচ গোল করা এই ফরোয়ার্ড ভুটান থেকে ফোনে দেশ রূপান্তরকে জানিয়েছেন প্রতিক্রিয়া। সেই সঙ্গে দিয়েছেন নিজেদের আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি, ‘২৪ ধাপ এগিয়ে যাওয়াটা বড় সুখবর আমাদের জন্য। বেশি বেশি প্রীতি ম্যাচ খেললে আমরা দেখবেন একশ’র নিচে র‌্যাংকিং নিয়ে যেতে পারব। যত বেশি ম্যাচ খেলার সুযোগ পাব আত্মবিশ্বাসও ততই বাড়বে।’ দলকে বদলে দেওয়ার নেপথ্যে কাজ করছেন ব্রিটিশ কোচ পিটার বাটলার। এ মুহূর্তে লাওসে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ নিয়ে ব্যস্ত থাকা কোচ র‌্যাংকিংয়ে এই উন্নতির প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা ইতিবাচকভাবে এগিয়ে চলেছি। তবে আমাদের এই ধারা বজায় রাখতে হবে, আমরা নানাভাবে এটি অর্জন করেছি। ভালো ও সঠিক বাছাইয়ের মাধ্যমে, যা একটি সুস্থ কাজের পরিবেশ তৈরি করেছে। যার পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, প্রশিক্ষণ এবং ভালো পরিকল্পনা। এটা মেয়েদের জন্য বড় অর্জন, তারা আসলেই অসাধারণ।’

এশিয়ান কাপের অগ্নিপরীক্ষায় নামার আগে বাফুফে তাদের অনুশীলন পরিকল্পনা এখনো প্রকাশ করেনি। তবে বাফুফের শীর্ষ এক কর্তা জানিয়েছেন, নিদেনপক্ষে আটটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনার কথা। সেই ম্যাচগুলো শক্তিশালী ও র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা প্রতিপক্ষদের বিপক্ষে খেলার চেষ্টা চালাচ্ছে বাফুফে।

বাংলাদেশ ছাড়া এশিয়ান কাপে অংশ নিতে যাওয়াদের মধ্যে বড়সড় উন্নতি হয়েছে ভারতের। সাত ধাপ এগিয়েছে তারা। এ ছাড়া ১২ দলের আসরে সুযোগ পাওয়াদের মধ্যে সবার ওপরে আছে জাপান। তাদের অবস্থান অষ্টম। উত্তর কোরিয়া দশম, অস্ট্রেলিয়া ১৫তম, চীন ১৬, দক্ষিণ কোরিয়া ২১, ভিয়েতনাম ৩৭, ফিলিপাইন ৩৯, চীনা তাইপে ৪২, উজবেকিস্তান ৫২তম।

আজকের দিনটিতে অন্তত ফুটবল খেলা দেশগুলোর চোখ এড়াবে না বাংলাদেশের লাল-সবুজ পতাকা। এবার এগিয়ে যাওয়ার ধারা অব্যাহত রাখার পালা। মার্চে এশিয়ান কাপের বড় মঞ্চে চীন, উত্তর কোরিয়া, উজবেকিস্তানের মতো প্রবল প্রতিপক্ষদের চমকে দিতে সেরা প্রস্তুতি নিয়েই ঝাঁপাতে হবে ঋতুদের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত