লাশ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের শুনানি শুরু

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪০ এএম

গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয় তরুণ আন্দোলনকারীকে গুলি করে হত্যার পর তাদের লাশ পোড়ানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। গত বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর মোহাম্মদ মিজানুল ইসলাম ও গাজী মোনাওয়ার হুসাইন তামীম অভিযোগ গঠনের আদেশ চেয়ে শুনানি করেন। আদালত আসামিপক্ষের শুনানির জন্য আগামী ১৩ আগস্ট তারিখ নির্ধারণ করেছে। এ মামলায় ১৬ আসামির মধ্যে ৮ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক এবং সাবেক কনস্টেবল মুকুল চোকদার। বৃহস্পতিবার তাদের ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।

অন্যদিকে, গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরা এলাকায় একটি ভবনের কার্নিশে ঝুলে থাকা এক ছাত্রকে গুলি করা, একটি বাড়ির ভেতরে দাদির কোলে থাকা শিশুর মাথায় গুলি করা এবং শিশুটির দাদি নিহতের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলায় প্রসিকিউশন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত