মেজর সাদিকুলের স্ত্রী ৫ দিনের রিমান্ডে

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৪৬ এএম

তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক গোপন বৈঠকের’ অভিযোগে দায়ের মামলায় সেনাবাহিনীর মেজর সাদিকুল হকের স্ত্রী সুমাইয়া জাফরিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবির গুলশান বিভাগের পরিদর্শক জেহাদ হোসেন সাত দিনের রিমান্ডের আবেদন জমা দেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মেজর সাদিকুলের বিরুদ্ধে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনী ইতিমধ্যে তদন্ত কমিটি ও আদালত গঠন করেছে।

এদিকে সুমাইয়া জাফরিন পুলিশের এএসপি পদমর্যাদার কর্মকর্তা বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ছড়িয়ে পড়ে। তবে গত ২ আগস্ট পুলিশ সদর দপ্তর জানায়, তাদের কোনো এএসপি কর্মকর্তা এই নামে নেই। পরে গত বুধবার ডিবি পুলিশ সুমাইয়াকে গ্রেপ্তার করে।

গত ১৩ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে ভাটারা থানার এসআই জ্যোতির্ময় মণ্ডল এই মামলাটি দায়ের করেন। সুমাইয়াসহ এই মামলায় মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।  মামলার অভিযোগ অনুযায়ী, গত ৮ জুলাই ভাটারা এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ একটি ‘গোপন বৈঠক’ আয়োজন করে। দিনব্যাপী এই বৈঠকে ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীসহ ৩০০ থেকে ৪০০ জন অংশ নেন। সেখানে তারা ‘সরকারবিরোধী সেøাগান’ দেন।

এজাহারে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেলে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে, শাহবাগ মোড় দখল করে ‘অস্থিতিশীল পরিস্থিতি’ সৃষ্টি করা এবং মানুষের মধ্যে ‘আতঙ্ক সৃষ্টি করে’ শেখ হাসিনার দেশে ফেরা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়। ইতিপূর্বে গ্রেপ্তার মেজর সাদিকুল বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত