খুলনায় প্রিজন সেল থেকে পালাল আসামি

আপডেট : ০৮ আগস্ট ২০২৫, ০৭:৫২ এএম

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে ইউসুফ (২৩) নামে মাদক মামলার এক আসামি পালিয়ে গেছে। গতকাল ভোরে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান। পলাতক ইউসুফ নগরীর খালিশপুর থানার আলমনগর মোড়ের শাহজাহান হাওলাদারের ছেলে।

খালিশপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, গত বুধবার দুপুরে নগরীর আলমনগর মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ ইউসুফকে গ্রেপ্তার করা হয়। রাতে বুকে ব্যথা অনুভব হলে তাকে হাসপাতালে পাঠানো হয়।

প্রিজন সেলের ইনচার্জ এসআই শামীম রেজা জানান, প্রিজন সেলে দুজন আসামি ছিলেন। তাদের মধ্যে বয়স্ক আসামি রাত সাড়ে ৩টায় বাথরুমে যাওয়ার কথা জানান। তখন দায়িত্বরত কনস্টেবল রাব্বি আলী তার জন্য প্রিজন সেলের দরজার তালা খুলে দেন এবং তাকে বাথরুমে নিয়ে যান। কিন্তু ভুল করে দরজার তালাটি পুনরায় বন্ধ করতে ভুলে যান। বাথরুম শেষে ফেরত আসার পর দেখা যায় ইউসুফ নেই। বাইরের কারারক্ষীদের যে গেট, সেটিরও তালা খোলা থাকায় তিনি পালিয়ে যান।

খুলনার জেল সুপার নাসির উদ্দিন প্রধান বলেন, ‘তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত