মৌলভীবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০১:১৯ এএম

মৌলভীবাজারে ফয়জুর রহমান রুবেল (৪২) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাতে শহরের ব্যস্ততম শমশেরনগর রোডে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা।

নিহত রুবেল জেলার কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। তিনি মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের সদাইপাতি মার্কেটস্থ এফ রহমান ট্রেডিংয়ের মালিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর দোকানে একা ছিলেন রুবেল। এ সময় হঠাৎ ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। চিৎকার শুনে আশপাশের সিএনজি চালক ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাতেই তিনি মারা যান।

ঘটনার পর থেকে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সদাইপাতি মার্কেটের সভাপতি ও অন্যান্য ব্যবসায়ীরা হত্যাকা-ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর থেকে পুলিশ তদন্তে নেমেছে। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত