নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দক্ষিণ রাজীব গ্রামে বাবা-মাকে গালাগাল ও মায়ের গায়ে হাত তোলার অপরাধে ছেলে গোলাম রব্বানীকে (২৮) তিন মাসের কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে পুলিশ গোলাম রব্বানীকে জেলা কারাগারে পাঠিয়েছে।
এর আগে গত শুক্রবার গভীর রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা অভিযোগের সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে এই সাজা দেন।
কিশোরীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী জানান, সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব গ্রামের আবদুল মজিদের ছেলে গোলাম রব্বানী কয়েক বছর ধরে ব্যবসা করে সুন্দরভাবে জীবিকা নির্বাহ করে আসছিলেন। হঠাৎ দু-তিন মাস ধরে রব্বানী অতিরিক্ত টাকা রোজগারের আশায় অনলাইনে ক্যাসিনো গেম খেলা শুরু করেন। ক্যাসিনোতে ব্যবসার পুঁজি শেষ করার পর বাড়ির জমানো টাকাও শেষ করে ফেলেন। ক্যাসিনো খেলার টাকা জোগাতে গত শুক্রবার তাদের গরুসহ বাড়ির বিভিন্ন জিনিসপত্র বিক্রির চেষ্টা করলে তার মা-বাবা বাধা দেন। এ সময় গোলাম রব্বানী তার বাবাকে গালাগাল করেন এবং তার মাকে মারধর করেন। এ ব্যাপারে শুক্রবার রাতেই তার বাবা-মা ইউএনওর কাছে ও থানায় লিখিত অভিযোগ দেন।
