হামজাদের নতুন মৌসুম শুরু আজ

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ এএম

লেস্টার সিটি গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৮তম হয়ে নেমে গেছে ইংল্যান্ডের দ্বিতীয় স্তর অর্থাৎ ইংলিশ চ্যাম্পিয়নশিপে। লেস্টারে খেলা বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী মৌসুমের শেষ দিকে ধারে খেলেছিলেন শেফিল্ড ইউনাইটেডে। তিনি আবারও ফিরেছেন লেস্টারে। দলের প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। এবার হামজাদের আসল পরীক্ষা শুরু। আর সেটি হলো চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতে ফের প্রিমিয়ার লিগে প্রমোশন নেওয়া। হামজা লেস্টারে বলেই বাংলাদেশের মানুষের এবার নজর থাকবে চ্যাম্পিয়নশিপেও। আজ লেস্টার তাদের প্রথম ম্যাচ খেলবে শেফিল্ড ওয়েডনেসডের বিপক্ষে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।

চ্যাম্পিয়নশিপে মোট ২৪ দল খেলে। অর্থাৎ প্রতিটি দল মৌসুমে খেলে ৪৬ ম্যাচ। এরপর শীর্ষ দুই দল সরাসরি চলে যায় ইপিএলে। তিন থেকে ছয় নম্বর দলের মধ্যে প্লে-অফ পর্ব শেষে সুযোগ পায় আরও একটি ক্লাব।

লিভারপুল না ক্রিস্টাল চমক : গেল মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা লিভারপুল এবং এফএ কাপ জয়ী ক্রিস্টাল প্যালেস আজ মুখোমুখি হবে ২০২৫ এফএ কমিউনিটি শিল্ড ম্যাচে। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে এবারে আসরটি ১০৩তম। এই প্রতিযোগিতায় লিভারপুল জিতেছে ১৬ বার। ক্রিস্টালের সামনে সুযোগ প্রথমবার এটি জেতার। এবারই প্রথম এই ম্যাচ খেলবে দলটি।

গেল মে মাসে এই ওয়েম্বলিতেই ম্যানচেস্টার সিটিকে হারিয়ে প্রথমবারের মতো এফএ কাপ জিতে চমক দেখিয়েছিল ক্রিস্টাল প্যালেস। যা ক্লাবটির ১২০ বছরের ইতিহাসে প্রথম কোনো মেজর ট্রফি। মৌসুম শুরুর আগে ক্রিস্টাল নিজেদের মতো করে প্রস্তুতি নিয়েছে। গত সপ্তাহে ক্লাবটি দুটি প্রস্তুতি ম্যাচ খেলে জার্মান ক্লাব অগসবুর্গের বিপক্ষে। প্রথমটিতে ৩-১ এ জেতে, এই ম্যাচে খেলেছিল মূল একাদশে নিয়মিত খেলা খেলোয়াড়রা। দ্বিতীয়টি বেঞ্চে থাকা খেলোয়াড়দের দিয়ে খেলিয়ে দলটি হারে ১-০ তে। লিভারপুলও ২০২৪-২৫ মৌসুম শেষ হওয়ার পর বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। সবশেষ তারা দুটি ম্যাচ খেলেছে স্প্যানিশ ক্লাব আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। এক ম্যাচে ৪-১ গোলে জয়ের পর দ্বিতীয়টিতে জেতে ৩-২ গোলে। মোহামেদ সালাহ, কোডি গাকপো, ফ্লোরিয়ান উইর্টজ, সাবোসলাইসহ অন্যরাও আছেন ফর্মে। উইর্টজ এবারের দল-বদলে লেভারকুজেন থেকে এসেছেন লিভারপুলে। ফ্রাঙ্কফুর্ট থেকে দলে আসা একিতেকেও আছেন ফর্মে। ক্রিস্টাল প্যালেসে নতুন এসেছেন বোরনা সোসা (আয়াক্স থেকে) এবং আর্জেন্টাইন গোলকিপার ওয়াল্টার বেনিতেজ। ক্রিস্টালের বিপক্ষে লিভারপুলের গোলপোস্টের নিচে অ্যালিসন বেকার নাও থাকতে পারেন। প্রস্তুতি ম্যাচে বিলবাওয়ের বিপক্ষে ৩-২ এ জেতা দলটি খেলতে পারেন ক্রিস্টালের বিপক্ষে এমনটি ভাবা হচ্ছে।

এফএ কমিউনিটি শিল্ডের এই ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল সমতা থাকলে সরাসরি পেনাল্টি হবে। ফলে অনেকেই সুযোগ দেখছেন ক্রিস্টালের। সবশেষ ৯ এফএ কমিউনিটি শিল্ডে ৭ বারই জিতেছে এফএক কাপ জয়ী দল। তবে ক্রিস্টালের সামনে প্রতিপক্ষ লিভারপুল বলেই কাজটা কঠিন হবে তাদের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত