রাঙ্গামাটি ও বান্দরবানে আদিবাসী দিবস উদযাপন

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৩৯ এএম

নানা আয়োজনে রাঙ্গামাটিতে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চল সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটির সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সিনিয়র সহসভাপতি উষাতন তালুকদার, শিক্ষাবিদ শিশির চাকমা, নারী সংস্কার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সদস্য সচিব ইন্টু মনি তালুকদার।

প্রধান অতিথি উষাতন তালুকদার বলেন, ‘দীর্ঘ ২৭ বছর হয়ে গেলেও পার্বত্য চুক্তির বাস্তবায়ন না হওয়া, এ অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে, কিন্তু আদৌ ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না, তা নিয়ে জনমনে শঙ্কা রয়েছে। কেন না যুক্তরাষ্ট্র কী ভাবছে তার ওপরই সবকিছু নির্ভর করছে।’ চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য ইউপিডিএফকে সম্পূর্ণভাবে দায়ী করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই নেতা। আলোচনা সভা শেষে রাঙ্গামাটি পৌর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ তাদের নিজস্ব পোশাকে এবং নানা বাদ্যযন্ত্র নিয়ে অংশগ্রহণ করেন।

বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন : এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। গতকাল সকালে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে রাজার মাঠে আয়োজন করা হয় এক গণসংগীত এবং আলোচনা সভা। এ সময় বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির সভাপতি ডা. মং উষাথোয়াইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।

এ সময় পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাস্টার, সাংবাদিক ও কথাসাহিত্যিক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুম, বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, অ্যাডভোকেট উবা থোয়াই মারমা, আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক নারী নেত্রী সূচিত্রা তঞ্চঙ্গ্যাসহ বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির বিভিন্ন নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পার্বত্য জেলা বান্দরবানে বসবাসরত ১১টি আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারণ ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন গণসংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত