পেকুয়ায় বাড়িতে ঢুকে খুন, কুমিল্লায় ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ১২:০০ এএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নে গভীর রাতে বাড়িতে ঢুকে জসিম উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। গত শনিবার রাত দেড়টার দিকে ইউনিয়নের সেগুনবাগিচা মাতবর মুরা এলাকায় এ হত্যাকান্ড ঘটে।

কুমিল্লার সদর দক্ষিণে দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, রাত আনুমানিক দেড়টার দিকে একদল দুর্বৃত্ত ঘরে ঢুকে প্রথমে জসিম উদ্দিনের পেটে ছুরিকাঘাত করে। পরে গলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন সেগুনবাগিচা এলাকার মনছুর আলম, জহির আহমদ ও তার ছেলে আতিক।

নিহতের ছেলে ওমান প্রবাসী মোহাম্মদ আশিক অভিযোগ করেন, ‘কয়েক মাস আগে উর্মি নামে এক মেয়ে আমাদের বাড়িতে চলে আসে। তার সঙ্গে আমার ছোট ভাই ইখতিয়ারের প্রেমের সম্পর্ক ছিল। আমার ছোট ভাই বিদেশ থেকে ছুটিতে এসে বিয়ে করার কথা ছিল। কিন্তু মেয়ের পরিবার তা মেনে নেয়নি। এ নিয়ে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘শনিবার সন্ধ্যায় মনছুর নামে এক ব্যক্তি চকরিয়ার হারবাংয়ে আমার খালার বাড়িতে গিয়ে তাদের দেখে নেওয়ার হুমকি দিয়েছে। রাতে বাবা খুন হলেন।’

পেকুয়া থানার ওসি মো. সিরাজুল মোস্তফা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে।

কুমিল্লার সদর দক্ষিণে দুলাল মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুলসংলগ্ন এলাকার একটি ভবনের কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত দুলাল কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের বড় দুর্গাপুর এলাকার বাসিন্দা ছিলেন। চাঁদপুর এলাকায় তার একটি ওয়ার্কশপ রয়েছে।

নিহতের স্বজনরা জানান, দুলাল শনিবার রাতে বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির একপর্যায়ে রবিবার সকালে নিজের ওয়ার্কশপের পেছনের একটি ভবনের কক্ষে মাথা থেঁতলানো ও রক্তাক্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়।

নিহতের পরিবার জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় ভাড়াটিয়া ইমন ও তার স্ত্রী সুমিকে পুলিশ আটক করেছে। সদর দক্ষিণ মডেল থানার ওসি মোহাম্মদ সেলিম বলেন, নিহত দুলালের মাথায় আঘাতের চিহ্ন ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত