ময়মনসিংহ মেডিকেল কলেজ হোস্টেলের কক্ষ থেকে শরিফা ইয়াসমিন সৌমা (২১) নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে ছাত্রী হোস্টেলের ৩১১ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শরিফা ইয়াসমিন সৌমা খুলনার খালিশপুরের তায়েদুর রহমান এবং ফাতেমা আক্তার দম্পতির মেয়ে। তিনি ময়মনসিংহ মেডিকেলের এমবিবিএস তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সৌমা শরীরে ইনজেকশন প্রয়োগ করে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট ও ইনজেকশনের সিরিঞ্জ উদ্ধার করেছে। কয়েক পৃষ্ঠার ওই চিরকুটে তিনি মানসিক চাপ ও নানা কষ্টের কথা লিখেছেন। সৌমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
