চানখাঁরপুল হত্যাকান্ডে দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ  

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:৪৯ এএম

গণঅভ্যুত্থানের সময় রাজধানীর চানখাঁরপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ সাক্ষ্য গ্রহণ হয়। গতকাল সাড়ে ১১টার কিছু পরে সাক্ষ্য দেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজের সহযোগী অধ্যাপক আঞ্জুয়ারা ইয়াসমিন। দুপুরে বিরতির পর সাক্ষ্য দেন চানখাঁরপুলে গুলিতে শহীদ শেখ মাহদি হাসান জুনায়েদ মোস্তাকিমের বাবা শেখ জামাল হাসান। জবানবন্দির পর দুই সাক্ষীকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেন। আজ বুধবার পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল।

এর আগে গত সোমবার  প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। এদিন আদালতে সাক্ষ্য দেন চারখারপুলে গুলিতে নিহত শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা শাহরিয়ার খান পলাশ। তিনি আসামিদের বিচার ও ফাঁসির আরজি জানান।

চানখাঁরপুল হত্যাকান্ডের মামলার আসামিরা হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, পুলিশের রমনা জোনের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম, সাবেক এসি মো. ইমরুল, শাহবাগ থানার সাবেক পুলিশ পরিদর্শক (অপারেশন) আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম। আসামিদের মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন আরশাদ, সুজন, ইমন ও নাসিরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত