দক্ষিণ কোরিয়ার কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কেওন হিকে শেয়ারবাজারে কারসাজি, ঘুষ গ্রহণ এবং নির্বাচনী অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার সিউলের একটি আদালত তার বিরুদ্ধে আটকাদেশ জারি করেন, কারণ তদন্তকারীরা আশঙ্কা করছেন তিনি প্রমাণ নষ্ট করতে পারেন। প্রসিকিউটরদের দাবি, ৫২ বছর বয়সী কিম ‘ডয়চ মোটরস’ নামক বিএমডব্লিউ ডিলারশিপের শেয়ার মূল্য কারসাজির সঙ্গে জড়িত ছিলেন। এই কারসাজির মাধ্যমে তিনি প্রায় ৮০০ মিলিয়ন ওন (৫.৮ কোটি টাকা) অবৈধ আয় করেছেন। এ ঘটনা ২০১০-২০১২ সালের, যখন তার স্বামী ইউন প্রেসিডেন্ট নির্বাচিত হননি। এ ছাড়া, বিতর্কিত ধর্মীয় সংগঠন ‘ইউনিফিকেশন চার্চ’ থেকে দুটি লাক্সারি ব্যাগ ও একটি হীরার নেকলেস ঘুষ হিসেবে গ্রহণের অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। একই সঙ্গে, ২০২২ সালের উপ-নির্বাচন এবং ২০২৩ সালের সাধারণ নির্বাচনে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়ায় অনিয়মের সন্দেহে তদন্ত চলছে। আদালতে হাজির হয়ে কিম সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে, তিনি বলেন, ‘গুরুত্বহীন ব্যক্তি হয়েও সমস্যা সৃষ্টির জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
×
