৩৪ বছরের অপেক্ষা ফুরাল উইন্ডিজের

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:১১ এএম

ক্যারিবিয়ান সফরটা যে এভাবে শেষ হবে তা হয়তো কল্পনাই করেনি পাকিস্তান। ত্রিনিদাদে সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এমন এক নৈপুণ্য উপহার দিয়েছে যা শুধু জয় দিয়ে আখ্যা করে শেষ করা সম্ভব নয়। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ২৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়ে মাত্র ৯২ রানে গুটিয়ে দেয় পাকিস্তানকে। ২০২ রানের বিশাল ব্যবধানে জয়ের সঙ্গে ৩-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে ক্যারিবীয়রা। পাকিস্তানের বিপক্ষে তাদের প্রথম সিরিজ জয় এলো ৩৪ বছর ও ১০টি সিরিজের দীর্ঘ অপেক্ষার পর। এমনকি ব্যবধানের দিক থেকেও তাদের ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংস শুরুটা ছিল ধীর। পাকিস্তানের স্পিন প্রধান আক্রমণ প্রথম ৪৩ ওভার ধরে রানরেট চেপে রাখতে পেরেছিল। কিন্তু ৪৪তম ওভারের প্রথম বলেই মোহাম্মদ নাওয়াজকে ছক্কায় উড়িয়ে দিয়ে শাই হোপ জানান দিলেন, ম্যাচের গতি এখন তার হাতে। পরের বলেও আরেকটি ছক্কা এ যেন আক্রমণের প্রথম সাইরেন। এখানেই কাহিনি বদলে যায়। জাস্টিন গ্রিভস হাসান আলির এক ওভার থেকে ১৮ রান তুলে পাকিস্তানের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন। আবরার আহমেদ, যিনি আগের ৬ ওভারে মাত্র ৫ রান দিয়েছিলেন, হোপের ব্যাটে উড়ে যান। শেষ ৭ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলে ফেলে ১০০ রান। হোপ অপরাজিত ১২০ রানে শেষ করেন ইনিংস। ১৮ বার তিন অঙ্ক ছুঁয়ে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় উঠে আসেন।

২৯৫ রানের লক্ষ্যে জেয়ডেন সিলসের গতি ও নিখুঁত লাইন-লেন্থে ভোগেন ব্যাটাররা। পাকিস্তানের শেষ ব্যাটার হিসেবে আবরার রান আউট না হলে ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসে সেরা বোলিং ফিগারের রেকর্ডটি হতে পারত সিলসের। কিন্তু ৭.২ ওভারে ১৮ রান খরচায় সিলসের ৬ উইকেট, ক্যারিবিয়ান ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা বোলিং স্পেল হয়ে থাকবে। ১৯৯১ সালের পর প্রথমবার পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। শুধু তাই নয়, ২০২ রানের এই জয় পাকিস্তানের বিপক্ষে তাদের সবচেয়ে বড় জয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত