মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের খানাখন্দে ভরা এক কিলোমিটার রাস্তায় স্বেচ্ছাশ্রমে সংস্কারকাজ করেছেন হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্যরা। গতকাল শুক্রবার সকালে সংগঠনের সদস্যরা সংস্কারকাজ করেন। জানা যায় নিজেদের অর্থায়নে ইটের খোয়া ও সুড়কি ফেলে সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেছেন তারা।
সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে ভাটেরচর এলাকার সড়কটি খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকলেও স্থানীয় প্রশাসন সংস্কারে উদ্যোগ নেয়নি। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছায়। বাধ্য হয়ে সংগঠনের সদস্যরা ব্যক্তিগত অর্থায়নে স্থানীয় ইটভাটা থেকে খোয়া-সুড়কি কিনে রাস্তা মেরামতের কাজ শুরু করেন। হিলফুল ফুজুল যুব সংগঠনের সদস্য অ্যাডভোকেট খন্দকার মো. মনিরুজ্জামান সুমন বলেন, ‘আওলাদ হোসেনের বাড়ি থেকে জহির ফার্মেসি পর্যন্ত রাস্তায় বেশি গর্ত ও দুর্ঘটনা ঘটে। মানুষের কথা চিন্তা করেই আমরা এই উদ্যোগ নিয়েছি।’
সদস্য সায়মন শাহাদাত বলেন, ১৫ গাড়ি ইটের খোয়া, সুরকি ও পাঁচ গাড়ি বালুসহ আমাদের লাখ টাকা খরচ হয়েছে, যা সবাই মিলে দিয়েছি।
সরেজমিনে দেখা গেছে, টাওয়ারসংলগ্ন, আবু তাহেরের বাড়ি ও ফারুক ভাইয়ের দোকানের পাশের রাস্তার অবস্থা সবচেয়ে করুণ। প্রতিদিনই এসব স্থানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
গ্রামবাসীরা জানান, যুবসমাজের এই উদ্যোগে সাময়িক স্বস্তি এলেও স্থায়ী সমাধানের জন্য পাকা রাস্তা নির্মাণ জরুরি। উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন বলেন, জরুরি ভিত্তিতে এই কাজটি করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি, টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হলে এই সড়কের সংস্কারকাজ দ্রুতই শুধু হবে।
