নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে যুক্ত এবং শিক্ষার্থীদের ওপর হামলাকারী কেউ ভোটার বা প্রার্থী হতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জসীম উদ্দিন। গতকাল শুক্রবার বিকেলে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয়তলায় অবস্থিত চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি আরও বলেন, ‘আমরা ১৫ জুলাই হামলায় জড়িতদের বাদ দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছি। এরপরও যদি তথ্য-প্রমাণসহ কারও বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে তাদেরও তালিকা থেকে বাদ দেওয়া হবে।’ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ ডাকসুতে নারী শিক্ষার্থীদের ভোটকেন্দ্রের স্থান পরিবর্তনের দাবি তুললেও প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ডাকসুতে নারী ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন করা হবে না। তিনি বলেন, ‘আবাসিক, অনাবাসিক সবার কথা চিন্তা করেই আমরা এসব কেন্দ্র নির্ধারণ করেছি। কার্জন হল মাত্র একটা হল। সেখানে কোনোভাবেই চারটা হলের ভোট নেওয়া সম্ভব না। শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল সার্ভিস থাকবে। আমরা তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসব। আমরা অনেক বুঝে-শুনে সিদ্ধান্ত নিয়েছি। আবাসিক-অনাবাসিক সবার সমান সুযোগকে প্রাধান্য দিয়েছি।’
গতকাল পর্যন্ত চার দিনে ডাকসু মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৩ জন। ভিপি পদে ১০ জন, জিএস পদে ১, এজিএস পদে ২, সম্পাদক পদে ১৮ এবং সদস্য পদে ১২ জন।
