গাজায় ইসরায়েলের আগ্রাসন

ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে ১৭৬০ জন নিহত

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:৩০ এএম

ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি হামলায় গত আড়াই মাসে গাজায় ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয় জানিয়েছে, চলতি বছরের মে মাসের শেষ থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত এ প্রাণহানির ঘটনা ঘটে। গতকাল শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সেই সঙ্গে ইসরায়েলের হামলায় উপত্যকা জুড়ে আরও অন্তত ২৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এক বিবৃতিতে জানায়, নিহত ওই ফিলিস্তিনিদের তাদের মধ্যে ৯৯৪ জনের মরদেহ গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) কেন্দ্রের আশপাশে এবং ৭৬৬ জনের মরদেহ ত্রাণ সরবরাহ বহরের পাশ থেকে উদ্ধার করা হয়। গত মে মাসে গাজায় বিতর্কিত জিএইচএফ ত্রাণ বিতরণ শুরু করার পর থেকে বিভিন্ন স্থানে ফিলিস্তিনিদের ওপর নিয়মিত গুলি চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে।

এদিকে গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। সবশেষ গতকাল রাতভর হামলা চালানো হয়। গাজার মধ্যাঞ্চলে বুরেইজ শরণার্থীশিবিরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের চার শিশুসহ ছয়জন নিহত হয়েছে। গাজার উত্তর-পশ্চিমে জিকিম এলাকায় সহায়তা চাইতে আসা ফিলিস্তিনিদের একটি দলের ওপর ইসরায়েলি বাহিনী হামলা চালায়। এতে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে আল-মাওয়াসিতে ইসরায়েলি বাহিনী তাঁবুতে বোমা হামলা চালালে এক দম্পতি নিহত হন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। প্রায় দুই বছরে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬১ হাজার ছাড়িয়েছে। আর আহত হয়েছে প্রায় দেড় লাখ মানুষ। এ ছাড়া ২০ লাখের বেশি বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যুত হয়েছে।

এদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পুনর্বাসন নিয়ে দেশটির কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েলের আলোচনার গুঞ্জন শোনা যাচ্ছে। এ বিষয়ে অবগত তিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়নি বলে জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত