কুড়িগ্রামের নাগেশ্বরী শহরের মডেল মসজিদের পাশের একটি বিলের কচুরিপানার নিচ থেকে সাবেক সাবরেজিস্ট্রার সহিবুর রহমান স্বপন প্রধানের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সকালে মডেল মসজিদে নামাজ পড়তে আসা লোকজন মরদেহ দেখতে পান। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানার-পুলিশ। বিলের পাশের হলিকেয়ার ক্লিনিকের ঘর মালিক ছিলেন তিনি। তার বাড়ি শহরের সাতানী পাড়ায়।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে গোদ্ধারের পাড় বিলের পাশে জমি কিনে লেক সিটি বানান স্বপন প্রধান। তাকে হত্যা করে মরদেহ কচুরিপানার নিচে রাখা হয় বলে ধারণা করছেন পুলিশ। এ ঘটনায় তালহা নামে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা জানান, মরদেহ কচুরিপানার নিচে পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছে। তবে তদন্ত শেষে তার মৃত্যুর আসল কারণ বলা যাবে।
