নকল কসমেটিকস কারখানার সন্ধান, মালিককে কারাদন্ড

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ১২:৩৯ এএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে সেনাবাহিনী ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে নকল ও ভেজাল কসমেটিকস কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ ভেজাল কসমেটিকস জব্দ করা হয়। কারখানার মালিক মো. ইয়াছিনকে (৩৫) আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক বছরের কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা কসমেটিকস পরে ধ্বংস করা হয়।

গতকাল রবিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ষোলঘর এলাকায় ষোলঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কালাম খানের বাড়িতে এ অভিযান চালান সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের ১৯ বীর সেনাসদস্য ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্প জানায়, মো. ইয়াছিন সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ি ভাড়া নিয়ে এক বছর ধরে কারখানা খুলে নকল ও ভেজাল কসমেটিকস উৎপাদন করে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সাবেক ওই ইউপি চেয়ারম্যানের বাড়ির দুটি ঘরে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী ও প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত