বগুড়ায় ডাকাতির ২টি ট্রাক ও নগদ টাকাসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা।
সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা গোয়েন্দা কার্যালয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে রবিবার রাত সাড়ে ১২টায় রাজধানী ঢাকার আশুলিয়া, বাইপাইল, নিশ্চিন্তপুর বাজার এবং ধোলাইখাল এলাকায় বগুড়া গোয়েন্দা পুলিশের দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের ১জন ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিবে বলেও জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার দক্ষিণ ছোট মানিক এলাকার মো. দিদার (৩৪), মো. আব্দুল মান্নাম ওরফে মুন্ন (২৩), একই উপজেলার সোনাপুর ইন্দ্রনারায়নপুর এলাকার মো. জিয়াউর রহমান (৩৫), বোরহানউদ্দিন উপজেলার লক্ষ্মীপুর এলাকার মো. সোহেল (২৮) এবং ঢাকার আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মো. জাফর হোসেন (৪৫)। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত ২টি ট্রাক ও গরু বিক্রির নগদ ১ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করেছে ডিবি পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাতে জেলার শাজাহানপুর উপজেলার আশেকপুরের পারটেকুর এলাকায় অবস্থিত প্রাণ ইন্টিগ্রেটেড ডেইরী ফার্মে সিকিউরিটি গার্ডকে চাকু দিয়ে জিম্মি করে গরু ও ফার্মের যন্ত্রাংশ ডাকাতির ঘটনা ঘটে। সেখানে আনুমানিক প্রায় সোয়া ২২ লাখ টাকা মূল্যের গরু ও মালামাল ডাকাতরা নিয়ে যায়। পরের দিন এ ঘটনায় শাজাহানপুর থানায় মামলা হলে জেলা ডিবি পুলিশ সদস্যরা অভিযান শুরু করে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া মুখপাত্র আতোয়ার রহমান জানান, ডাকাতির পর থেকে জেলা পুলিশের টিম কাজ শুরু করে। রবিবার রাতে ডিবি পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় অন্যান্য ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে আসামে জিয়াউর রহমান জিয়া এ ঘটনায় সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে ১৬৪ ধারায় জবানবন্দি দিতে আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত ও পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা ও মালামাল উদ্ধার অভিযান চলমান আছে।
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক ইসি সচিবকে
সিংগাইরে গরু চুরি করতে গিয়ে গৃহকর্তাকে খুন