বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এএফএম শাহীনুল ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরালের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্তের স্বার্থে সরকারের নির্দেশে বিএফআইইউ প্রধানকে ছুটিতে থাকতেও বলা হয়েছে। গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, ইলেকট্রনিক, প্রিন্ট ও সোশ্যাল মিডিয়াতে বিএফআইইউর প্রধান কর্মকর্তা এএফএম শাহীনুল ইসলাম সম্পর্কে প্রকাশিত আপত্তিকর সংবাদ ও তথ্যের বিষয়ে তদন্তপূর্বক মতামতসহ প্রতিবেদন দাখিলের জন্য অতিরিক্ত সচিব সাঈদ কুতুবকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আইসিটি-২ শাখার পরিচালক মতিউর রহমান এবং যুগ্ম সচিব সাইদুল ইসলাম। আগামী সাত কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটিকে মতামতসহ প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
